Jharkhand – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sun, 06 Sep 2026 14:26:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2026/08/cropped-645620059_1464002491756680_8204546671402832666_n.jpg?fit=32%2C32&ssl=1 Jharkhand – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ঝাড়খণ্ডে ভোটারদের নাম কাটার অভিযোগে গ্রেফতার বিজেপি বুথ লেভেল এজেন্ট https://banglakal.com/nation/bjp-booth-agent-arrested-in-jharkhand-over-mass-voter-deletion-forms/ https://banglakal.com/nation/bjp-booth-agent-arrested-in-jharkhand-over-mass-voter-deletion-forms/#respond Sun, 06 Sep 2026 14:26:33 +0000 https://banglakal.com/?p=4563 গোড্ডা, ৬ সেপ্টেম্বর:

ঝাড়খণ্ডে ভোটার তালিকা থেকে প্রায় ২০০ জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য গণহারে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগে ভারতীয় জনতা পার্টির এক বুথ লেভেল এজেন্টকে গ্রেফতার করল পুলিশ।ধৃত ব্যক্তির নাম বিনয় কুমার মণ্ডল।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়।সাংবাদিক পীযূষ রাইয়ের পোস্ট এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

রাজ্যে বর্তমানে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন কর্মসূচি চলছে।এই প্রক্রিয়ার মধ্যেই গোড্ডা জেলার পাঁচরুখি গ্রামের ২৩১ নম্বর বুথের এক ভোটারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগে জানানো হয়, এলাকার নির্দিষ্ট একটি বুথ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বৈধ ভোটারদের চিহ্নিত করে অন্যায়ভাবে তাঁদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে বিনয় মণ্ডল প্রায় ২০০টি ৭ নম্বর ফর্ম জমা দিয়েছিলেন।

স্থানীয় বুথ লেভেল অফিসার সাজিদা বিবি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে গিয়ে ফর্মগুলি জমা দেওয়ার আবেদন জানান এবং রসিদ চান। কিন্তু যাচাই না করে রসিদ দিতে অস্বীকার করেন ওই আধিকারিক। পরবর্তীকালে ফর্মগুলি খতিয়ে দেখে জানা যায় যে, আবেদনগুলির মাধ্যমে কেবল সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হল, ওই তালিকায় খোদ বুথ লেভেল অফিসার এবং তাঁর স্বামীর নামও অন্তর্ভুক্ত ছিল।

এই ঘটনার প্রেক্ষিতে গোড্ডা মুফাস্সিল থানায় ভারতীয় আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ বিনয় কুমার মণ্ডলকে গ্রেফতার করে, যদিও গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে অভিযুক্ত বিজেপি এজেন্ট দাবি করেছেন, দলের বুথ স্তরের এজেন্টদের একটি অভ্যন্তরীণ বৈঠক থেকেই তাঁকে এই ফর্মগুলি জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর দাবি, রসিদ সংগ্রহ করতে গেলে উল্টে তাঁকেই ঘিরে ধরে হেনস্থা ও মারধর করা হয়। তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর জমা দেওয়া ফর্মগুলির মধ্যে সংখ্যালঘু ভোটারদের নাম থাকলেও তাঁর নিজস্ব হিন্দুপ্রধান গ্রামেও অন্যান্য বুথ এজেন্টের মাধ্যমে একই ধরণের আবেদন জমা পড়েছে।নির্বাচন সংক্রান্ত এই বিতর্কিত পদক্ষেপ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের উচ্চস্তর থেকে গোটা প্রক্রিয়ার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/bjp-booth-agent-arrested-in-jharkhand-over-mass-voter-deletion-forms/feed/ 0 4563
নিয়োগে দুর্নীতির অভিযোগ ও টানা ২৪ দিনের ছাত্র বিক্ষোভের মুখে বাতিল হলো জেএসএসসি-সিজিএল পরীক্ষা https://banglakal.com/nation/jharkhand-cancels-jssc-cgl-exam-amid-24-day-student-protest-over-recruitment-irregularities/ https://banglakal.com/nation/jharkhand-cancels-jssc-cgl-exam-amid-24-day-student-protest-over-recruitment-irregularities/#respond Tue, 18 Aug 2026 01:41:41 +0000 https://banglakal.com/?p=3983 রাঁচি, ১৭ আগস্ট:

অবশেষে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) পরীক্ষা বাতিলের ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ও চাকরিপ্রার্থীদের টানা ২৪ দিনের তীব্র আন্দোলনের মুখে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে ২০১৪ সাল থেকে আউটসোর্সড এজেন্সি টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড (TDPL)-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ও চলমান তদন্তের প্রাথমিক ফলাফলের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, টিডিপিএল-এর সঙ্গে যুক্ত সমস্ত পরীক্ষা, প্রকাশিত ফলাফল, নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং সংস্থাটির পরিচালিত সমস্ত কার্যক্রম বাতিল বলে গণ্য হবে।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত সমস্ত নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। সিআইডি এবং একটি বিশেষ তদন্তকারী দল (সিট) এই অনিয়মের তদন্ত পরিচালনা করবে। এছাড়া একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি পৃথক তদন্ত কমিটিও গঠন করা হবে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হেমন্ত সোরেন স্বীকার করেন যে নিয়োগ পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। আর সে কারণেই সাম্প্রতিক পরীক্ষাগুলোতে অনিয়ম ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

চাকরিপ্রার্থীরা গত ২৪ দিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে ঝাড়খণ্ড জুড়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাঁদের প্রধান দাবি ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং মোট ১৩৫টি প্রশ্নের মধ্যে ১২০টিই ফাঁস হয়ে গিয়েছিল। এর পাশাপাশি চাকরিপ্রার্থীরা জেপিএসসি এবং জেএসএসসি-তে সংস্কার ও সিবিআই তদন্তের দাবি জানান। সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকজন পরীক্ষার্থী অনশন কর্মসূচিও শুরু করেন।

সোমবার তদন্তের অংশ হিসেবে ঝাড়খণ্ড সিআইডি জেএসএসসি কার্যালয়ে তল্লাশি অভিযান চালায়। সিআইডি-র এডিজি মনোজ কৌশিক জানান, বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সিআইডি এই মামলায় ইতিমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াংতে রয়েছেন। চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলনের মুখে জেপিএসসি-র তিন সদস্য পদত্যাগ করার পরদিনই খিয়াংতে গ্রেপ্তার হন।

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকার ইতিমধ্যে আইন প্রণয়ন করেছে এবং নিয়োগ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ নিচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে, যা বিশেষজ্ঞ দল দ্বারা খতিয়ে দেখা হবে। সরকারের এই সংস্কারমূলক উদ্যোগের নেতৃত্ব দেবেন অমিতাভ কৌশল।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/jharkhand-cancels-jssc-cgl-exam-amid-24-day-student-protest-over-recruitment-irregularities/feed/ 0 3983
পুলিশের লাঠিচার্জের পর কড়া ব্যবস্থার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন https://banglakal.com/nation/jharkhand-cm-hemant-soren-assures-strict-action-after-police-lathi-charge-on-protesting-students-over-exam-irregularities/ https://banglakal.com/nation/jharkhand-cm-hemant-soren-assures-strict-action-after-police-lathi-charge-on-protesting-students-over-exam-irregularities/#respond Tue, 11 Aug 2026 07:53:15 +0000 https://banglakal.com/?p=3720 রাঁচি, ১১ অগাস্ট:

ঝাড়খণ্ডে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে চলা ছাত্র বিক্ষোভ এবার চরম আকার ধারণ করেছে। সোমবার ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও করার উদ্দেশ্যে হাজার হাজার চাকরিপ্রার্থী এবং পড়ুয়া পথে নামলে পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং বেধড়ক লাঠিচার্জ করে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী পড়ুয়া এবং কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশের এই কঠোর পদক্ষেপের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনরত পড়ুয়াদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন এবং তাঁদের সমস্ত দাবিদাওয়া অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জেপিএসসি এবং জেএসএসসি রিফর্ম মোর্চার ডাকে হাজার হাজার চাকরিপ্রার্থী সোমবার রাঁচির পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে বিশাল মিছিল করে এগোতে থাকেন। উল্লেখ্য, এদিন বিধানসভার বাদল অধিবেশন চলছিল এবং কাকতালীয়ভাবে দিনটি ছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একান্নতম জন্মদিন। আন্দোলনকারীদের মূল দাবি হলো, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত নিয়োগ পরীক্ষাগুলোতে যে ব্যাপক অনিয়ম হয়েছে, তার সম্পূর্ণ নিরপেক্ষ সিবিআই তদন্ত করতে হবে এবং বিতর্কিত পরীক্ষাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ বিধানসভায় যাওয়ার রাস্তায় জগন্নাথপুর মন্দিরের কাছে একাধিক স্তরের মজবুত ব্যারিকেড তৈরি করেছিল। কিন্তু হাজার হাজার তরুণ-তরুণী জাতীয় পতাকা হাতে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।

আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের জন্য মিছিল করছিলেন, কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের ওপর বর্বরভাবে লাঠিচার্জ করে। অনেকের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে বা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। পুলিশের জলকামান ছোঁড়া সত্ত্বেও অনেককে জাতীয় পতাকা হাতে ভিজতে ভিজতে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি ছোট অংশ হঠাৎ করেই হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ব্যারিকেড ভেঙে সরকারি কাজে বাধা এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হলে বাধ্য হয়েই পুলিশকে অত্যন্ত সীমিত সময়ের জন্য ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয়।

এই চরম উত্তেজনার আবহে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বিস্তারিত খোলা চিঠি প্রকাশ করে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার পূর্ণ অধিকার সকলের রয়েছে এবং সরকার তাঁদের সেই কণ্ঠস্বরকে সম্মান করে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, সরকার পড়ুয়াদের প্রতিটি দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং দুর্নীতিগ্রস্ত কাউকেই রেয়াত করা হবে না। পরীক্ষা ব্যবস্থাকে আগামী দিনে আরও বেশি স্বচ্ছ, প্রযুক্তি-নির্ভর, দায়বদ্ধ এবং সুরক্ষিত করে তোলার জন্য সরকার বদ্ধপরিকর বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। পাশাপাশি, পরিস্থিতি অত্যন্ত সংযম ও সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলগুলোকে সরাসরি নিশানা করে বলেছেন, কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ এই শান্তিপূর্ণ আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা করছে। তিনি পড়ুয়াদের কাছে আবেদন রেখেছেন, তাঁরা যেন কোনো রাজনৈতিক ন্যারেটিভ বা ফাঁদে পা না দেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর আস্থা রাখেন। রাজ্য সরকারের দাবি, তারা ইতিমধ্যেই আন্দোলনকারীদের আটানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছে। কিন্তু ছাত্র নেতারা সরকারের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন।

আন্দোলনের অন্যতম প্রধান মুখ দেবেন্দ্র নাথ মাহাতো, যিনি নিয়োগে স্বচ্ছতার দাবিতে টানা নয় দিন ধরে অনশনে বসেছেন, তিনিও এদিন একটি অ্যাম্বুলেন্সে করে স্ট্রেচারে শুয়ে মিছিলের সামনে এসে উপস্থিত হন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুলিশি অত্যাচার বা লাঠিচার্জ করে এই আন্দোলন থামানো যাবে না। ছাত্র নেতা রবীন্দ্র পাসোয়ান অভিযোগ করেছেন, সরকার তেরোটি পরীক্ষা বাতিলের দাবির মধ্যে মাত্র তিনটি বাতিল করেছে এবং সিবিআই তদন্তের বদলে রাজ্য পুলিশের সিআইডি দিয়ে তদন্ত করিয়ে আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই নিয়োগ দুর্নীতির অভিযোগে একটি আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে প্রশাসনের কড়া নজরদারি এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও ঝাড়খণ্ডের পরিস্থিতি আপাতত থমথমে এবং আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/jharkhand-cm-hemant-soren-assures-strict-action-after-police-lathi-charge-on-protesting-students-over-exam-irregularities/feed/ 0 3720
ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযানের পথে ধুন্ধুমার, আন্দোলনকারী ছাত্রদের ওপর লাঠিচার্জ ও জলকামান পুলিশের https://banglakal.com/nation/clash-during-jharkhand-assembly-siege-march-as-police-lathi-charge-and-fire-tear-gas-on-protesting-students/ https://banglakal.com/nation/clash-during-jharkhand-assembly-siege-march-as-police-lathi-charge-and-fire-tear-gas-on-protesting-students/#respond Mon, 10 Aug 2026 11:23:27 +0000 https://banglakal.com/?p=3672 রাঁচি, ১০ অগাস্ট:

ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনরত হাজার হাজার ছাত্র-ছাত্রীদের বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রাজ্যের রাজধানী রাঁচিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জেপিএসসি-জেএসএসসি রিফর্ম মোর্চার ব্যানারে সংগঠিত আন্দোলনকারীরা বিধানসভার দিকে পদযাত্রা শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার বিবরণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশ করেছেন সাংবাদিক শচীন গুপ্ত।

রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে জেএসএসসি-সিজিএল সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে গত ১৭ দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। তাঁদের মূল দাবি হলো, অনিয়ম হওয়া পরীক্ষাগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং পুরো দুর্নীতি তদন্তের জন্য সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতে হবে। এই দাবিতে সোচ্চার হয়ে হাজার হাজার ছাত্র সোমবার বিধানসভা ঘেরাও করার সিদ্ধান্ত নেন এবং প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করেন।

আন্দোলনকারীদের থামাতে রাঁচির জগন্নাথপুর মন্দিরের কাছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যারিকেড গড়ে তোলা হয়। পুরো এলাকা ঘিরে ফেলে ১,৫০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। ছাত্ররা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তীব্র ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ জলকামান চালায় এবং একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনের দিনেই। একদিকে যখন প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালিত হচ্ছে, অন্যদিকে ঠিক তখনই রাজপথে নেমে শত শত ছাত্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আন্দোলনকারীদের অন্যতম শীর্ষ নেতা দেবেন্দ্র নাথ মাহাতো গত ৯ দিন ধরে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি দাবি আদায়ে অনড় রয়েছেন।

অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি আলাদা তদন্ত প্রক্রিয়া চালু করেছে। ইডি-র এই পদক্ষেপে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল। পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ সত্ত্বেও আন্দোলনকারীরা পিছিয়ে আসতে নারাজ। পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে আন্দোলনকারী সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

]]>
https://banglakal.com/nation/clash-during-jharkhand-assembly-siege-march-as-police-lathi-charge-and-fire-tear-gas-on-protesting-students/feed/ 0 3672