সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তির জন্য প্রকাশিত তালিকা রাজ্য সরকারের ওবিসি (OBC) সংরক্ষণ নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ৫৬টি আসনের মধ্যে মাত্র ৩ জন মুসলিম শিক্ষার্থী সুযোগ পেয়েছেন, যা রাজ্যের জনসংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য। এই ফলাফল কেবল একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, বরং সরকারের নতুন ওবিসি সাব-কাস্ট বিভাজন নীতির কার্যকারিতা এবং এর ফলে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের একটি বাস্তব উদাহরণ।
বিভাগভিত্তিক চিত্র ও মুসলিমদের সীমিত প্রতিনিধিত্ব : প্রকাশিত তালিকা অনুযায়ী মুসলিম শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হতাশাজনক। একাধিক বিভাগে একটিও মুসলিম শিক্ষার্থী সুযোগ পাননি, বিশেষত যেখানে ওবিসি-এ বা ওবিসি-বি আসন সংরক্ষিত ছিল।

Political Science: ৩টি আসনের মধ্যে একটি ওবিসি-এ আসন থাকা সত্ত্বেও কোনো মুসলিম শিক্ষার্থী নির্বাচিত হননি।
Microbiology: ৩টি আসন থাকলেও কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Bengali: ১১টি আসনের মধ্যে দুটি ওবিসি-বি এবং একটি ওবিসি-এ আসন ছিল। কিন্তু এই আসনগুলো অমুসলিম শিক্ষার্থীদের দ্বারা পূরণ হয়েছে। মাত্র ১ জন মুসলিম শিক্ষার্থী (সাধারণ ক্যাটাগরি থেকে) সুযোগ পেয়েছেন।
Folklore: ৩টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Commerce: ১টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Economics: ৬টি আসনের মধ্যে ১ জন মুসলিম শিক্ষার্থী (ওবিসি-বি) সুযোগ পেয়েছেন।
Biochemistry & Biophysics: ৩টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Ecological Studies: ৫টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Botany: ২টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Business Administration: ৪টি আসনের মধ্যে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।
Library & Information Science: ৭টি আসনের মধ্যে একটি ওবিসি-এ আসন ছিল, কিন্তু সেটিও সংখ্যাগরিষ্ঠদের দখলে।
Mathematics: ৬টি আসনের মধ্যে ১ জন মুসলিম শিক্ষার্থী (ওবিসি-বি) সুযোগ পেয়েছেন।
Philosophy: ২টি আসনের মধ্যে একটি ওবিসি-এ আসন ছিল, কিন্তু সেটিও অমুসলিম শিক্ষার্থীদের দখলে।
সব মিলিয়ে, মোট ৫৬টি আসনের মধ্যে মাত্র ৩ জন মুসলিম শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, পিএইচডির মতো উচ্চশিক্ষায় মুসলিমদের প্রবেশাধিকার কতটা সীমিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতির মূল কারণ হিসেবে বিশ্লেষকরা রাজ্য সরকারের নতুন ওবিসি নীতিকে দায়ী করছেন। পূর্ববর্তী নীতিতে মুসলিম সম্প্রদায়ের জন্য ওবিসি-এ ক্যাটাগরিতে একটি উল্লেখযোগ্য অংশ সংরক্ষিত থাকত। এর ফলে পিছিয়ে থাকা মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় তুলনামূলকভাবে বেশি সুযোগ পেতেন।
কিন্তু নতুন নীতিতে ওবিসি-এ ও ওবিসি-বি বিভাজন পুনর্নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশকে ওবিসি-বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে অপেক্ষাকৃত সুবিধাপ্রাপ্ত ও সামাজিকভাবে শক্তিশালী অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।
ফলে মুসলিম শিক্ষার্থীরা এখন দুই ধরনের সমস্যার মুখোমুখি:
১. প্রতিযোগিতা বৃদ্ধি: ওবিসি-বি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র, যেখানে মুসলিমরা আগেই পিছিয়ে ছিলেন।

২. আসনের ঘাটতি: ওবিসি-এ ক্যাটাগরিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ওবিসি -এ তালিকায় বেড়ে অমুসলিম সংখ্যা, যার ফলে পক্ষপাত দোষে দুষ্ট কর্তৃপক্ষ কোন মুসলিম আবেদনকারীর গ্রহণের সংখ্যা নেই বললেই চলে।
এই অবস্থায় ওবিসি সংরক্ষণের মূল উদ্দেশ্য অর্থাৎ সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন বাস্তবে ব্যাহত হচ্ছে। মুসলিমদের একটি বড় অংশ এখনও অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে; ফলে তাদের জন্য নতুন নীতি এক বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের এই নীতি সমতা নয়, বরং বৈষম্যকে আরও তীব্র করেছে। সংবিধান অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থার মূল লক্ষ্য হলো সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা, যাতে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলোর জন্য শিক্ষার দরজা খোলা থাকে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নতুন বিভাজন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে সংখ্যাগরিষ্ঠ সুবিধাপ্রাপ্ত সম্প্রদায়গুলো আরও বেশি আসন দখল করছে, আর প্রকৃত পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায় ক্রমশ বাইরে ঠেলে দেওয়া হচ্ছে।
এটি কেবল নীতির ব্যর্থতাই নয়, বরং ন্যায়বিচারের মৌলিক ধারণার ওপরও আঘাত। সংরক্ষণকে যদি প্রতিযোগিতার নতুন ময়দান বানানো হয়, তবে যাদের জন্য এই ব্যবস্থা প্রণীত তাদের ক্ষমতায়ন কখনোই সম্ভব হবে না।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা একটি বিচ্ছিন্ন চিত্র নয়, বরং একটি বৃহত্তর প্রবণতার সূচক। যদি এই প্রবণতা বজায় থাকে, তাহলে ভবিষ্যতে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আরও কমে যাবে। এর ফলে সামাজিক বৈষম্য বাড়বে এবং শিক্ষার মূলধারায় তাদের প্রবেশাধিকার আরও সীমিত হয়ে পড়বে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এটি কেবল একটি শিক্ষাগত সমস্যা নয়, বরং রাজ্যের বহুত্ববাদ, সাম্য ও উন্নয়নের ধারণার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট মহল দাবি তুলেছে রাজ্য সরকার যেন অবিলম্বে তার ওবিসি সংরক্ষণ নীতি পুনর্বিবেচনা করে এবং পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করে।
