সরকারি চাকরিতে শারীরিক প্রতিবন্ধীদের সংরক্ষণে বৈষম্য, চরম অনিশ্চয়তায় হাজারো চাকরিপ্রার্থী

সরকারি চাকরিতে শারীরিক প্রতিবন্ধীদের সংরক্ষণে বৈষম্য, চরম অনিশ্চয়তায় হাজারো চাকরিপ্রার্থী<br>


কলকাতা: সরকারি চাকরিতে শারীরিক প্রতিবন্ধীদের (Locomotor Disability – LD) জন্য সংরক্ষিত আসনে জাতিগত সংরক্ষণের ফলে ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। ‘রাইট অফ পার্সন উইথ ডিজাবিলিটি অ্যাক্ট ২০১৬’ (RPwD Act, 2016) অনুযায়ী, প্রতিবন্ধী ক্যাটাগরিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই সমান অধিকার থাকার কথা। কিন্তু ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক জারি করা একটি গ্যাজেট নোটিফিকেশন (নং Labr/280/EMP/EMP/IM-2/16, তারিখ: ০৮/০৭/১৯) অনুযায়ী, শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত (Scheduled Caste – SC,Persons with Disabilities – Locomotor disability including cerebral palsy,
leprosy cured, dwarfism, acid attack victim and muscular dystrophy) শারীরিক প্রতিবন্ধীরাই সংরক্ষণ পাচ্ছেন। এর ফলে জেনারেল, ওবিসি, ও এসটি সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধীরা (Persons with Disabilities – Locomotor disability including cerebral palsy,
leprosy cured, dwarfism, acid attack victim and muscular dystrophy)সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন।


প্রতিবন্ধী অধিকার কর্মীরা জানাচ্ছেন, RPwD Act, 2016 এর ৩৪ নং ধারা অনুযায়ী, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে কোনো জাতিগত সংরক্ষণের উল্লেখ নেই। আইন অনুসারে, শারীরিক প্রতিবন্ধী(LDCP), দৃষ্টিহীন(VH), শ্রবণ প্রতিবন্ধী(HH)ও মাল্টিপল ডিসেবিলিটি(MD)- এই চারটি ক্যাটাগরির জন্য এক শতাংশ করে মোট চার শতাংশ আসন সংরক্ষিত থাকার কথা। প্রতিটি ক্যাটাগরিতেই সকল সম্প্রদায়ের প্রতিবন্ধীদের সমান সুযোগ পাওয়ার কথা। কিন্তু বর্তমানে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেই এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে।


এই সমস্যার সমাধানে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা সমাজ কল্যাণ দপ্তর এবং শ্রম দপ্তরের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। সমাজ কল্যাণ দপ্তর নাকি ইতিমধ্যে শ্রম দপ্তরকে এই ত্রুটি সংশোধনের জন্য একটি নির্দেশিকা পাঠিয়েছে। কিন্তু শ্রম দপ্তরের দাবি, শুধু নির্দেশ দিলেই হবে না, সমাজ কল্যাণ দপ্তরকে একটি ফাইল কপি পাঠাতে হবে, যা এখনও পাঠানো হয়নি। তাই তারা বাধ্য হয়েই পুরোনো ভুল রোস্টারটি অনুসরণ করে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করছেন।


গত ১৩-০৬-২০২৫ তারিখে রাজ্য শ্রম দপ্তর প্রকাশিত ‘হান্ড্রেড পয়েন্টস রোস্টার’ এ ৩২ নং ভ্যাকেন্সিটি শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এর ফলে জেনারেল, ওবিসি ও এসটি সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধীরা এই পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। চাকরিপ্রার্থীরা এই রোস্টারের অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছেন। তাদের মতে, ৩২ নং আসনটি অন্যান্য প্রতিবন্ধী আসনের (১২, ৪২, ৭২) মতো সবার জন্য উন্মুক্ত রাখা উচিত।

গত ২৪-০৭-২০২৫ তারিখে চাকরিপ্রার্থীদের একটি দল এই বিষয়ে আলোচনা করতে মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করেন। কিন্তু অভিযোগ, ওই কর্মকর্তা তাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং রোস্টার সংশোধনের কোনো উদ্যোগ নেবেন না বলে জানিয়ে দেন।

এই পরিস্থিতিতে হাজার হাজার শারীরিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে। তাদের অনেকেরই সরকারি চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এই বৈষম্যমূলক নীতির অবসান এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, “আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই।”

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply