নিজস্ব প্রতিবেদন: চাকদহে ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পুলিশের। মঙ্গলবার রাতে পায়রাডাঙ্গার ৫২ নম্বর রেলগেট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চাকদহ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি সোনার চেন, একটি ব্যাগ এবং একটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার চাকদহ শহরের সিংহের হাট সংলগ্ন পূর্বপাড় এলাকার রাস্তায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায় দু’জন যুবক। অভিযোগ, ব্যাগে সোনার চেন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।
ঘটনার পর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ও সূত্রের ভিত্তিতে প্রথমে দুই যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে তৃতীয় এক যুবকের নাম। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকেই উদ্ধার হয় একাধিক মোবাইলসহ অন্যান্য সামগ্রী।
পুলিশ জানিয়েছে, বাকি জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।
