তেহট্ট: এক বৃদ্ধার গলার হার, হাতের বালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম স্মৃতি দত্ত। বয়স ৭২ বছর। বাড়িতে তিনি একাই থাকতেন। একমাত্র ছেলে কর্মসূত্রে থাকতেন বাইরে। আজ সকালে হঠাৎই প্রতিবেশীরা বৃদ্ধাকে তাঁর ঘরের গেটের সামনে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, ছেলে কর্মসূত্রে বাইরে থাকতেন। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। একজন কাজের মহিলা ছিলেন, বৃদ্ধার পরিচারিকার কাজ করে দেওয়ার জন্য। যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বৃদ্ধার গলায় সোনার একটি মোটা চেন ও হাতে বালা ছিল। বৃদ্ধা উদ্ধার হওয়ার সময় তাঁর শরীরে হার এবং বালা কিছুই ছিল না। তা থেকে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, সম্ভবত গলার হার এবং হাতের বালা ছিনতাই করার জন্যই তাঁকে খুন করা হয়েছে। ছিনতাইকারীদের পরিচয় জেনে ফেলায়, প্রমাণ লোপাট করার জন্যই বৃদ্ধাকে শ্বাসরোধ করা হয়েছে বলে অনুমান। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশি সহ বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
