নয়াদিল্লি, ১৫ জুলাই: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET-UG) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণের দাবিতে গত ২৮ জুন থেকে সেখানে আমরণ অনশনে বসেছেন প্রখ্যাত সমাজকর্মী, শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। ইতিমধ্যেই তাঁর অনশন ১৭ দিনে পা দিয়েছে। আর এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে এবার যন্তর মন্তরে খোদ হাজির হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
শুধু স্বরাই নন, সোনাম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলিউডের একঝাঁক তারকা সরব হয়েছেন। অভিনেত্রী রুবিনা দিলাইক, অভিনেতা অভয় দেওল এবং আয়েশা খান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনামের এই লড়াইয়ের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে হাজির হন বলিউডের ঠোঁটকাটা ও স্পষ্টবাদী অভিনেত্রী স্বরা ভাস্কর। সেখানে অনশনরত সোনাম ওয়াংচুক এবং আন্দোলনের অন্যতম উদ্যোক্তা অভিজিৎ দিপকের সঙ্গে দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে স্বরা লেখেন, “অদম্য জেদি সোনাম ওয়াংচুক স্যার আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছেন। তাঁর এই লড়াইকে আমার কুর্নিশ এবং পূর্ণ সমর্থন।” সিজেপি (CJP)-র অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও স্বরা ভাস্করের উপস্থিতির ছবি পোস্ট করে তাঁকে ‘নির্ভীক’ আখ্যা দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৭ দিন অনশনে থাকার ফলে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৮.২ কেজি কমে গিয়েছে। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার পাশাপাশি তাঁর পেশীর ক্ষয় শুরু হয়েছে এবং তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন।
সোনামের এই শারীরিক অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারা। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, সোনি রাজদান, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ থেকে শুরু করে অভিনেত্রী জিনাত আমান, ওমি বৈদ্য, প্রকাশ রাজ ও শ্রেয়া ধন্বন্তরিও সোনামের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের একগুঁয়েমি মনোভাবের সমালোচনা করার পাশাপাশি সোনাম ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তাঁদের বার্তা, এই লড়াইটি একটি ম্যারাথন দৌড়ের মতো, দীর্ঘ লড়াইয়ের জন্য সোনাম ওয়াংচুকের সুস্থ ও বেঁচে থাকা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, অভিনেতা অভয় দেওল সোশ্যাল মিডিয়ায় ভগ্ন হৃদয়ের ইমোজি দিয়ে সোনামের ছবি শেয়ার করে তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক ও আয়েশা খানও এই প্রতিবাদের প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবি তুলেছেন।
আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ওই দিনই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন। সরকার যদি অবিলম্বে আলোচনার টেবিলে না বসে, তবে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

