নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক- ব্যাটার অ্যালিজা হিলি। আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজের পরেই ক্রিকেটকে আলবিদা জানাবেন তিনি।
অস্ট্রেলিয়ার মেয়েদের দলের অধিনায়ক জানান, গত কয়েক মাস ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। এটা তাঁর জন্য মানসিক ভাবে বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে। এই বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর হিলি ঠিক করেছেন, তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ‘বড় সিরিজ়’ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন।
‘উইলোটক ক্রিকেট পডকাস্ট’-এ হিলি বলেন, “আমি এই খবরটি জানানোর জন্য পডকাস্টকেই বেছে নিয়েছিলাম। আজ আমি আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি যে, ভারত সিরিজ়ের শেষেই আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দয়া করে আমাকে কাঁদাবেন না। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু কোনও এক সময়ে তো নিতেই হতো।”
হিলি মজা করে বলেন যে, তাঁর স্বামী তথা অজি পেসার মিচেল স্টার্ক সম্প্রতি গল্ফে ‘হোল-ইন-ওয়ান’ করেছেন, তাই তাঁকে হারানোর জন্য এখন এই খেলায় পুরো সময় দেওয়া প্রয়োজন।
মানসিক ক্লান্তির বিষয় নিয়ে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “এটা অনেক দিন ধরেই আমার মাথায় ছিল। আমার মনে হয় গত কয়েক বছর মানসিক ভাবে বেশি ক্লান্তিকর ছিল। বেশ কিছু চোটও ছিল। বারবার নিজের সবটুকু উজাড় করে দিতে হয়। কিন্তু আমার সেই মানসিক শক্তি ধীরে ধীরে কমে আসছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ করার সুযোগ পাওয়াটা দারুণ। কারণ, আমাদের কাছে এটা অন্যতম বড় সিরিজ়। সতীর্থ এবং পরিবারের সামনে ক্রিকেটজীবন শেষ করতে পারাটা সত্যিই বিশেষ কিছু হবে। ভারতে বিশ্বকাপ জিতে শেষ করতে পারলে ভাল হতো, কিন্তু ঘরের মাঠে শেষ করাটাও দুর্দান্ত হবে।”
ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এই সফরে রয়েছে তিনটি করে টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচ এবং একটি টেস্ট।
দেশের হয়ে ১২৩টি এক দিনের ম্যাচে ৩.৫৬৩ রান রয়েছে হিলির। এক দিনের ম্যাচ খেলেছেন ১৬২টি। রান ৩,০৫৪। দশটি টেস্ট খেলে করেছেন ৪৮৯ রান। মোট ১৭২টি ক্যাচ রয়েছে এই উইকেট রক্ষকের। স্টাম্প ১০৩টি।
সব মিলিয়ে ১৫ বছরের কেরিয়ারে ৬ টি টি-২০ বিশ্বকাপ ও ২টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্টার্কের স্ত্রী। রান করেছেন ৭ হাজারের বেশি। উইকেটের পিছনে ২৭৫ বার আউট করেছেন। মহিলাদের একদিনের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের( ১৭০) রেকর্ডও তাঁর দখলে। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পুরুষ ও মহিলাদের মিলিয়ে উইকেটের পিছনে থেকে সর্বোচ্চ আউট(১২৬) করার কৃতিত্বও তাঁর দখলে। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের নজির গড়েছিলেন হিলি। বর্ণময় ক্রিকেট কেরিয়ারের জন্য ধন্যবাদ!
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

