নিজস্ব প্রতিবেদন: গুজরাটে মৃত্যু হল নামখানার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মানিক মন্ডল (১৯)। বাড়ি নামখানার দক্ষিণ শিবপুর এলাকায়। জানা গিয়েছে, গত প্রায় চার মাস আগে নামখানার পাতিবুনিয়ার এক ঠিকাদারের অধীনে মানিক গুজরাটের জামনগরে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি পাইপলাইনের কাজ করতেন। ২৯ জানুয়ারি হঠাৎই পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। পরিবারকে জানানো হয়েছিল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মানিকের মৃত্যু হয়েছে। কিন্তু এই খবর পাওয়ার পর, তিনদিন কেটে গেলেও তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছয়নি। এরপর থেকেই তাঁর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা শনিবার রাতে ওই ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি একটি ঘরের মধ্যে ওই ঠিকাদারকে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। শেষ পর্যন্ত চার দিনের মাথায় সোমবার সকালে মানিকের দেহ বাড়িতে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিক পরিবারের একমাত্র রোজগেরে সন্তান ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
