কলকাতা: ইডির আই প্যাক – অভিযান ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি ঘিরে জোড়া মামলা করা হয়েছে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পাল্টা ED-র বিরুদ্ধেও হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। আর এই মামলার শুনানির দিনই দেখা বেনজির বিশৃঙ্খলা। ফলে শুনানিই স্থগিত করে দেওয়া হল।
বিশৃঙ্খলা হওয়ায় উঠে গেলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে দেওয়া হল শুনানির দিন। ১৪ জানুয়ারী ইডি, তৃণমূলের মামলার ফের শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, এদিন এজলাসে আইনজীবী ছাড়াও প্রচুর মানুষের ভিড় ছিল। হই-হট্টগোলও শুরু হয়ে যায় এজলাসে। এই মামলা ছাড়াও আরও যে মামলাগুলি ছিল সেগুলিও ঠিক মতো শুনতে পাচ্ছিলেন না বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে বাইরেও আইনজীবীদের ভিড় ছিল, ভিতরের আইনজীবীরাও বের হতে চাইছিলেন না। ফলে একাধিক মামলার শুনানিও করা যাচ্ছিল না। সেই সময় বিচারপতি শুভ্রা ঘোষ সকলকে অনুরোধ করেন এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা বাদে সকলে যেন আদালত কক্ষের বাইরে চলে যান। কিন্তু বিচারপতির নির্দেশের পরও একই অবস্থা থাকে সেখানে। বিচারপতি শুভ্রা ঘোষের অনুরোধের পরও অবস্থার পরিবর্তন না হলে বিচারপতি বিরক্ত হয়ে এজলাস ছেড়ে উঠে বেরিয়ে যান।
ED-র দাবি, এটা পরিষ্কার, যে, এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক। কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা নয়ছয় সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়।
ইডি-র আই প্যাক অভিযানের জেরে আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। মিছিলে সামিল হয়েছেন দেব, সোহমের মতো সিনেমার তারকারাও। বিধানসভা ভোটের আগে ইডি-র আই প্যাক অভিযান বিজেপির মদতেই হয়েছে বলে মত তৃণমূলের।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

