সুতি: কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তার। ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি-পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর সেখ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটা করে রাস্তা ঢালাইয়ের কাজ হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং ঢালাই আলগা হয়ে বালি ও পাথর উঠে আসছে। নবনির্মিত রাস্তার এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়েই অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর সেখ।
জাহাঙ্গীরের দাবি, “সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে। মানুষের করের টাকায় এই ভাবে প্রহসন চলতে পারে না। রাতের অন্ধকারে নিম্নমানের সিমেন্ট দিয়ে দায়সারা ঢালাই হয়েছে। আমরা চাই এই ঢালাই বাতিল করে অবিলম্বে পাথর দিয়ে শক্তপোক্তভাবে রাস্তা বাঁধাতে হবে। তবে জাহাঙ্গীরের হুঁশিয়ারি, দ্রুত দাবি মানা না হলে এবং রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস।
বিধানসভা ভোটের আগে রাস্তার এই হাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দুর্নীতির এই নগ্ন রূপ নিয়ে আপাতত উত্তাল সুতির কয়াডাঙ্গা।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
