নিজস্ব প্রতিবেদন: বড়সড় আর্থিক প্রতারণা চক্রের হদিস মিলল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া, ইসাক সরদার রোডে ভাড়া বাড়িতে বসেই সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভাড়া ঘর থেকে তিন অভিযুক্তকে ধরা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মানোয়ারা বেগম জানান, অভিযুক্তরা এলাকায় ভাড়া থাকতেন, তবে প্রতারণার অভিযোগ সম্পর্কে তিনি আগে জানতেন না। দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ধৃতরা হল শেখ জাভেদ আলি (৩৮), আসিফ আলি (৩০) ও নেসার হুসেন (১৮)। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
