কলকাতা পুরভোটে সব আসনেই লড়বে ঋতব্রতর দল, শুরু প্রার্থী বাছাই

কলকাতা পুরভোটে সব আসনেই লড়বে ঋতব্রতর দল, শুরু প্রার্থী বাছাই

কলকাতা, ২ সেপ্টেম্বর:

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে ২০৯টি ওয়ার্ডেই বিজেপির বিরুদ্ধে একক শক্তিতে প্রার্থী দিতে এবং পুরভোটের রণনীতি চূড়ান্ত করতে এ সপ্তাহের শেষেই বৈঠকে বসছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর থেকে যে গণশুনানি শুরু হচ্ছে, সেখানে যাবতীয় তথ্য ও মানচিত্র সমেত হাজির হওয়ার জন্য দলীয় প্রতিনিধিদের নির্দিষ্ট নির্দেশিকা স্থির করে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ডিলিমিটেশনের পর যে ২০৯টি ওয়ার্ড গঠিত হচ্ছে, তার সর্বত্রই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাঁদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু কলকাতা নয়, হাওড়া-সহ রাজ্যের সমস্ত পুরসভাতেই প্রতিটি ওয়ার্ডে নাগরিক স্বার্থে দলীয় প্রার্থীরা নির্বাচনে লড়বেন বলে তিনি স্পষ্ট করেন। পুরভোটের রণকৌশল চূড়ান্ত করতে চলতি সপ্তাহের শেষে দলের প্রবীণ নেতৃত্ব এবং পুরভোট পরিচালনার দায়িত্বে থাকা নেতারা একযোগে আলোচনায় বসে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ মহলের দাবি, পুরভোটের আগেই দলের প্রতীক ও তহবিল সংক্রান্ত আইনি বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত রায় দিয়ে দেবে। কমিশনের পক্ষ থেকে সেই প্রক্রিয়া সম্পন্ন হলে ভোটে লড়াইয়ের ময়দানে প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন বলে আশাবাদী নেতৃত্ব। এর পাশাপাশি মঙ্গলবারই ঋজু দত্তকে দলের জাতীয় মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণ করেছে ঋতব্রত শিবির।

অন্যদিকে এসআইআরে যে সমস্ত নাগরিকের আবেদন এখনও ট্রাইব্যুনালে আটকে রয়েছে, তাঁদের নাম যাতে দুর্গাপূজার আগেই ভোটার তালিকায় তুলে দেওয়া হয়, সে জন্য রাজ্য সরকারকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এই দল। বিষয়টি নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তারা। পুরভোটের রণকৌশল সংক্রান্ত আসন্ন বৈঠক প্রসঙ্গে এদিন বিধানসভাতেই প্রাক্তন পুরমন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খানের সঙ্গে একপ্রস্থ কথা বলে নেন বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়েই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের আবহ পুরোদমে তৈরি হয়ে গিয়েছে। রাজ্য বিজেপি নির্বাচনী কমিটি গঠন করে ময়দানে নেমে পড়েছে। পাল্টা প্রস্তুতি হিসেবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলও মাঠে নামতে শুরু করেছে। পুরসভার সর্বদলীয় বৈঠকে বিধানসভার উপদলনেতা সন্দীপন সাহা গিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে এসেছেন। একই সঙ্গে দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিকে সম্ভাব্য ওয়ার্ডগুলির প্রার্থী তালিকা তৈরির প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply