রান্নার গ্যাসের তীব্র সংকট: বসিরহাটে তিন দিন ধরে বন্ধ ‘মা ক্যান্টিন’, বিপাকে কয়েক’শ অসহায় মানুষ

রান্নার গ্যাসের তীব্র সংকট: বসিরহাটে তিন দিন ধরে বন্ধ ‘মা ক্যান্টিন’, বিপাকে কয়েক’শ অসহায় মানুষ

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘মা ক্যান্টিন’ গত তিন দিন ধরে বন্ধ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক’শ দুস্থ, অসহায় ও দৃষ্টিহীন মানুষ। গত ১১ই মার্চ, বুধবার থেকে আজ ১৩ই মার্চ পর্যন্ত উনুন না জ্বলায় ফিরে যেতে হচ্ছে তাঁদের। বর্তমানে মুড়ি বা সামান্য অন্য কিছু খেয়েই দিন গুজরান করতে হচ্ছে এই মানুষগুলোকে।

​বসিরহাট টাউন হাই স্কুলের পাশে পৌরসভার উদ্যোগে পরিচালিত এই ক্যান্টিনটি স্থানীয় কয়েক’শ মানুষের অন্নের সংস্থান করে। মাত্র ৫ টাকায় ডিম, ভাত, ডাল ও সবজি পাওয়ায় প্রতিদিন গড়ে ৩০০ জন মানুষ এখানে আহার করেন। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে এলপিজি (LPG) সিলিন্ডারের আকাশছোঁয়া দাম ও সরবরাহে টান পড়ায় থমকে গিয়েছে এই জনহিতকর প্রকল্প।

​ক্যান্টিনের সুপারভাইজার সুনন্দা পূজারী সহ অন্যান্য কর্মীরা জানিয়েছেন, গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় এবং সিলিন্ডারের তীব্র সংকট দেখা দেওয়ায় বাধ্য হয়েই রান্না বন্ধ রাখতে হয়েছে। বিকল্প জ্বালানিতে রান্না করার কোনও পরিকাঠামো এই মুহূর্তে ক্যান্টিনে নেই।

​ক্যান্টিন চত্বরে এসে প্রতিদিনের মতো ভিড় করছেন অসহায় মানুষগুলো। তাঁদেরই একজন আক্ষেপ করে জানালেন, “আমাদের জীবন বাঁচিয়ে রেখেছিল এই মা ক্যান্টিন। আজ তিন দিন ধরে ভাত নেই। কবে আবার এখানে এসে পেট ভরে খেতে পারব জানি না।”

​রান্নার দায়িত্ব থাকা পরিচারিকারাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁদের কথায়, “যাদের দু-হাত ভরে রান্না করে খাওয়াতাম, আজ তারা ক্যান্টিনের দুয়ার থেকে খালি পেটে ফিরে যাচ্ছে। এটা দেখে আমাদেরও খুব খারাপ লাগছে। কবে গ্যাস আসবে আর কবে আবার এদের খাওয়াতে পারব, আমরা কিছুই জানি না।”

​বসিরহাট পৌরসভার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও দুস্থ মানুষেরা। এখন দেখার, প্রশাসন এই গ্যাস সংকট কাটিয়ে কবে আবার মা ক্যান্টিনের পরিষেবা স্বাভাবিক করতে পারে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply