নিজস্ব প্রতিবেদন: শহর কলকাতায় ব্যস্ত সময়ে রেল লাইনে মর্মান্তিক মৃত্যু। শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনের ওপর ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ট্রেনের ওভারহেড তারের সংস্পর্শে আসায় মুহূর্তের মধ্যে ঝলসে যায় তাঁর দেহ। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। আজ সন্ধে ঠিক সাড়ে ৭টা। যখন অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ঠাসা বালিগঞ্জ স্টেশন, তখনই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া খবর অনুযায়ী, আচমকাই এক ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদের ওপর পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই ওভারহেড তারের হাই-ভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চোখের সামনেই ঝলসে যায় ওই ব্যক্তির শরীর। ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। প্রাণভয়ে কামরা থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন সবাই। নিরাপত্তার খাতিরে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সন্ধে সাড়ে ৭টার এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। যদিও রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ব্যস্ত সময়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন বালিগঞ্জ স্টেশনের শত শত যাত্রী। রেল পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
