শিক্ষক দিবসে বারুইপুরে জঙ্গলে উদ্ধার বিদ্যাসাগরের অবক্ষ মূর্তি

শিক্ষক দিবসে বারুইপুরে জঙ্গলে উদ্ধার বিদ্যাসাগরের অবক্ষ মূর্তি

বারুইপুর, ৫ সেপ্টেম্বর:

শিক্ষক দিবসের দিনেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঝোপজঙ্গলের ভেতর চরম অবহেলায় পড়ে থাকতে দেখা গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি। বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যান থেকে ওই মূর্তিটি বেদি থেকে সরিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ।

যে স্থানে ঘটনাটি ঘটেছে, সেখান থেকে বারুইপুর পুরসভা ভবন এবং বারুইপুর মহকুমা শাসকের কার্যালয় কার্যত ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা থাকা সত্ত্বেও কীভাবে এত দিন ধরে এই ঘটনা প্রশাসনের নজর এড়িয়ে গেল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরসভার তদারকি ও পার্কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুদের সুস্থ বিনোদনের পাশাপাশি মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর এই উদ্যানে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। তৎকালীন কাউন্সিলর মোজাফফর আহমেদ ওই আবক্ষ মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই মূর্তির এমন দুর্দশা মেনে নিতে পারছেন না কেউই।

এলাকাবাসীর বক্তব্য, বিদ্যাসাগর বাংলার শিক্ষা বিস্তার, নারীশিক্ষা এবং বিধবা বিবাহ আন্দোলনের এক অন্যতম পথপ্রদর্শক। তাঁর স্মৃতিবিজড়িত একটি সরকারি পার্কে তাঁরই মূর্তি এভাবে জঙ্গলের আগাছার মধ্যে পড়ে থাকা চরম প্রশাসনিক দায়িত্বহীনতার প্রমাণ দেয়। অবিলম্বে মূর্তিটি উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নির্দিষ্ট বেদিতে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে মূর্তিটি সরিয়ে জঙ্গলে ফেলে দিল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কোনো সংস্কারকাজের জন্য সরানো হয়ে থাকলে তা নিরাপদ স্থানে কেন রাখা হয়নি, সেই প্রশ্নও উঠেছে। এই বিষয়ে এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে মূর্তিটি সেখানে গেল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply