জয়পুর, ২২ অগস্ট:
রাজস্থানের জয়পুরের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীদের হাতে আক্রান্ত হল সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বা সিজেপি-র প্রতিনিধি দল। ঘটনাটি ঘটেছে জয়পুর জেলার বগরু বিধানসভা কেন্দ্রের রামপুরা কানওয়ারপুরা গ্রামে। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে পৌঁছালে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরা কানওয়ারপুরা গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়টির মূল ভবনটিকে গত বছর বিপজ্জনক ও অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে একটি মোষের গোয়ালে বা খাটালের অস্থায়ী শেডে স্কুলটির পঠনপাঠন চালানো হচ্ছিল। রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের দৈন্যদশা প্রকাশ্যে আনতে ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে স্কুলটি পরিদর্শনে যায় সিজেপি-র প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি গ্রামে পৌঁছানোর আগেই রাস্তা অবরোধ করে তাঁদের বাধা দেওয়া হয়। এরপর সেখানে তীব্র বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সিজেপি প্রতিনিধিদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়, গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। এই হামলায় এক সদস্যের হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। পাল্টা গ্রামবাসীদের একাংশের দাবি, বহিরাগতদের এনে স্কুলের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের তরফেই থানায় পাল্টাপাল্টি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশের অভিযোগও উঠেছে। সিজেপি-র এই ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে সম্প্রতি ইউডিআইএসই ২০২৫-২৬ তথ্যে রাজস্থান সরকার স্বীকার করেছে যে রাজ্যে ৬১১টি স্কুলের নিজস্ব কোনো ভবন নেই, ২,০৪৭টি বিদ্যালয়ে শৌচাগার নেই এবং ১,০৪৯টি স্কুলে পানীয় জলের বন্দোবস্ত নেই। এই হামলার পর রাজস্থানের শিক্ষা পরিকাঠামো নিয়ে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

