পাটনা, ১১ অক্টোবর:
সাইবার অপরাধীদের পাতা ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত প্রতারণার ফাঁদে পড়ে আড়াই লক্ষ টাকা হারানোর পর বিহারের পাটনায় উদ্ধার হলো এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ। পাটনার কুমহরার সংলগ্ন রেললাইনের ধার থেকে ২২ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তে চরম মানসিক অবসাদ থেকে আত্মহত্যার আশঙ্কা করা হলেও তরুণীর পরিবারের দাবি, তাঁকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
রেল পুলিশ সুপার (এসপি) অনন্ত কুমার রায় জানিয়েছেন, গত ৫ অক্টোবর থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার অভিযোগ দায়ের করেছিল। এরপরই কুমহরার কাছে রেললাইনের ওপর তাঁর মৃতদেহ পাওয়া যায়। রেললাইন থেকে উদ্ধার হওয়া ওই তরুণীর দেহের প্রায় ২০০ মিটার দূরে আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ মেলায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ দ্বিতীয় মৃতদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
তদন্তকারী আধিকারিকদের মতে, সেপ্টেম্বর মাস থেকেই সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছিলেন ওই তরুণী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা পুলিশের পরিচয় দিয়ে তাঁকে ভয় দেখিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয় এবং দফায় দফায় তাঁর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা খোয়ানোর পর থেকেই তিনি তীব্র মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন। পুলিশ আধিকারিকরা তরুণীর কল ডিটেল রেকর্ডস (সিডিআর) খতিয়ে দেখে অন্তত ১০টি সন্দেহভাজন ফোন নম্বরের সন্ধান পেয়েছেন, যেগুলির মাধ্যমে সাইবার প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল। পুরো চক্রের সন্ধান পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিজিটাল লেনদেনের তথ্য খতিয়ে দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
