নয়াদিল্লি, ১১ অক্টোবর:
দিল্লির রাজপথে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের আবহে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। শুধু আন্দোলনে অংশ নেওয়া প্রতিবাদীই নন, পার্কে বসে থাকা অবস্থাতেও সাধারণ মানুষকে আটক করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। আর সেই তালিকায় এবার নাম জড়িয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যার। শনিবার দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারের নিকটবর্তী একটি পার্ক থেকে আটক করা হয় উত্তরপ্রদেশের ফতেহপুর সদরের প্রাক্তন বিজেপি বিধায়ক বিক্রম সিংয়ের কন্যা যশস্বিনী রাজে সিংকে। সামাজিক মাধ্যম এক্সে এই ঘটনার কথা নিজেই প্রকাশ্যে এনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে যশস্বিনী দাবি করেছেন, “বাংলা সাহিবের কাছের একটি পার্কে বসে থাকার অপরাধে আমাকে আটক করা হয়েছে। বর্তমানে আমাকে কেশবপুরম থানায় আটকে রাখা হয়েছে।” পরে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে যখন তিনি পার্কে বসেছিলেন, তখন পুলিশ নির্বিচারে লোকজনকে বাসে তুলে আটক করতে শুরু করে। বেঞ্চে বসে থাকা মানুষদেরও কোনো কারণ ছাড়া তুলে নেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।
শনিবার রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মেগা বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই জমায়েত রুখতে জাতীয় রাজধানীর বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা বলয় ও ব্যারিকেড গড়ে তোলে দিল্লি পুলিশ। প্রায় ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করার পাশাপাশি শহরজুড়ে গণহারে ধরপাকড় শুরু হয়। সেই ধরপাকড়ের অংশ হিসেবেই শহরের কেন্দ্রস্থল থেকে যশস্বিনীকে আটক করে কেশবপুরম থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগে গত জুন ও জুলাই মাসে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন যন্তর মন্তরে ব্যাপক ছাত্র বিক্ষোভ চলেছিল, তখন সিজেপি-র আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত যশস্বিনী। বাবার রাজনৈতিক পরিচিতি বিজেপি হলেও তিনি নিজের রাজনৈতিক মতামত ও অবস্থান সম্পূর্ণ আলাদা রেখেছেন বলেই ঘনিষ্ঠ সূত্রের দাবি। শনিবার দিল্লিতে প্রায় এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটকের খবরের মধ্যেই বিজেপি নেতার মেয়ের এহেন আটক হওয়ার অভিজ্ঞতা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
