লন্ডন, ২৩ আগস্ট:
ব্রিটেনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নজিরবিহীন সাইবার হামলা চালিয়ে টানা চার দিন তার কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ করে দিল ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হ্যাকাররা। দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর এই ধরনের সফল সাইবার হানার ঘটনা এই প্রথম বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। ঘটনাটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দেশের সমস্ত শক্তি উৎপাদনকারী সংস্থার শীর্ষ কর্তাদের ডেকে জরুরি নির্দেশিকা জারি করেছে সরকার।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, আক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রটি তুলনামূলকভাবে আকারে ছোট হওয়ায় দেশের সার্বিক জাতীয় বিদ্যুৎ সরবরাহে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি বা ঘাটতি দেখা দেয়নি। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আক্রান্ত কেন্দ্রটির নাম কিংবা সঠিক অবস্থান প্রকাশ করেনি প্রশাসন। তবে সাইবার হানার পর প্ল্যান্টটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং কেন্দ্রটিকে পুনরায় চালু করতে কর্মীদের টানা চার দিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।
গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর অধীনস্থ ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ এবং শক্তি নিরাপত্তা দপ্তর যৌথভাবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনকারী সংস্থাগুলির প্রধান নির্বাহীদের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক পদক্ষেপ ও করণীয় সম্পর্কে বিস্তারিত বার্তা পাঠানো হয়েছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র আশ্বস্ত করে জানিয়েছেন যে, দেশের জাতীয় বিদ্যুৎ পরিকাঠামো অত্যন্ত শক্তিশালী ও সুরক্ষিত এবং কোনো অবস্থাতেই জাতীয় গ্রিড ঝুঁকির মুখে পড়েনি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে যখন আমেরিকার ১২টি অঙ্গরাজ্যের জল সরবরাহ ব্যবস্থার ওপর ইরানের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠী হামলা চালিয়েছিল, ঠিক সেই সময়েই ব্রিটেনেও এই সাইবার হানার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনো বড় বিপর্যয় সৃষ্টি করার চেয়ে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যে তারা প্রবেশ করতে সক্ষম, মূলত সেই শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই এই হ্যাকিং অপারেশন চালানো হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

