মুম্বই, ১৬ আগস্ট:
বিমল এলাচির বিজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ পান মশলার পরোক্ষ বা সারোগেট প্রচার করার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিস পাঠাল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। খাদ্য নিরাপত্তা ও মানক আইন ২০০৬-এর নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিনেতাদের এই নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বিজ্ঞাপনী প্রচার থেকে সরে আসার কারণ এবং চুক্তি সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
এফডিএ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ আগস্টের আশেপাশে গ্রেটার মুম্বই বিভাগের পক্ষ থেকে এই নোটিস জারি করা হয়। নোটিসে উল্লেখ করা হয়েছে যে, বিমল ব্র্যান্ডের পরিচয় মূলত পান মশলার সঙ্গেই যুক্ত। মহারাষ্ট্রে পান মশলা এবং তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এলাচির নামে একই ব্র্যান্ডের প্রচার চালানো হচ্ছে, যা সাধারণ উপভোক্তাদের বিভ্রান্ত করছে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্যের বিপণন ঘটাচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তিন অভিনেতাকে অবিলম্বে এই বিজ্ঞাপনী প্রচার থেকে নিজেদের সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ওয়েবসাইট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিমল এলাচি সম্পর্কিত যাবতীয় প্রচারমূলক কনটেন্ট ও পোস্ট ১৫ দিনের মধ্যে মুছে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে বা নির্দেশ অমান্য করা হলে খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
নোটিসে অভিনেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট প্রচারে যুক্ত হওয়ার আগে তাঁরা কোনো প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন কি না। এছাড়াও তাঁদের বিজ্ঞাপনী চুক্তির প্রতিলিপি, পারিশ্রমিকের বিশদ বিবরণ এবং কোন কোন টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল মাধ্যমে এই বিজ্ঞাপন সম্প্রচারিত হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা তলব করা হয়েছে। একই সঙ্গে বিমল এলাচি বাজারে একটি স্বতন্ত্র পণ্য হিসেবে বিক্রি হয় কি না, নাকি এটি পান মশলার ব্র্যান্ডকে মানুষের নজরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, তার স্বপক্ষে প্রামাণ্য নথি দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় বিভ্রান্তিকর খাদ্য বিজ্ঞাপনে যুক্ত থাকার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। গত ১৩ জুলাই থেকে রাজ্যজুড়ে পান মশলা এবং তামাকজাত পণ্যের উৎপাদন, মজুত, পরিবহন এবং বিক্রির ওপর এক বছরের নিষেধাজ্ঞা কার্যকর করেছে মহারাষ্ট্র সরকার। সেই অভিযানের অংশ হিসেবেই এবার সেলিব্রিটিদের বিজ্ঞাপনী প্রচারের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিল খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

