বিহার,৯ জুলাই ২০২৬:: বিহারের নওয়াদা জেলায় এক চাঞ্চল্যকর ও অমানবিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক হিন্দু যুবকের সাথে দেখা করতে আসায় এক মুসলিম তরুণীকে প্রকাশ্য রাস্তায় ঘিরে ধরে তাঁর নিকাব (Veil) ও বোরখা খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে একদল হিন্দুত্ববাদী কট্টরপন্থীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই তরুণীর কপালে তাঁর হিন্দু বন্ধুকে দিয়ে জোর করে সিঁদুর পরানো হয়েছে বলেও জানা গেছে। গত বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই চরম হেনস্থার খবর প্রকাশ্যে আসে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আতঙ্কিত তরুণীটি ওই উগ্রপন্থী দলটির সামনে বারবার হাত জোড় করে রেহাই দেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। কিন্তু তাঁর সেই আকুল আবেদনে কান দেয়নি হামলাকারীরা। বরং এক দুষ্কৃতীকে বলতে শোনা যায়, “ভিডিও তো তৈরি হবেই। প্রমাণ তো থাকবেই।” এরপরই ‘জয় বজরংবলী’ স্লোগান দিতে দিতে দলটি তরুণীর বোরখা টেনে সরিয়ে দেয় এবং তাঁর কপাল উন্মুক্ত করে।
হেনস্থার হাত থেকে তরুণীকে বাঁচাতে তাঁর হিন্দু বন্ধুটিও বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু হামলাকারীদের একজন ক্ষিপ্ত হয়ে বলে, “আরে, তুমি এখানে সিঁদুর পরাও, তারপর মুসলিম রীতিতে যা করার করতে থেকো।” এরপর ওই যুগলকে রাস্তায় তাড়া করা হয় এবং ক্রমাগত তাঁদের ভিডিও রেকর্ড করে হেনস্থা চালানো হয়।
নওয়াদা জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, পুলিশ ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি সংগ্রহ করেছে। ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ (Verification) চলছে। আধিকারিক আরও জানান, পুলিশ খুব শীঘ্রই ভুক্তভোগী তরুণীর সাথে যোগাযোগ করে তাঁর বয়ান রেকর্ড করবে। এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় সামাজিকভাবে তীব্র ক্ষোভ এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ ঘটনার মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
