ডায়মন্ড হারবার, ৩ সেপ্টেম্বর:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্টের জেরে ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। জনৈক ব্যক্তির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে এবং সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়েছে।
আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, সমাজমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, কৃষ্ণনগরের সাংসদ তাঁর এক্স হ্যান্ডলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং উসকানিমূলক বার্তা দিয়েছেন। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক সংক্রান্ত বিষয়ে কয়েকজন শীর্ষ পুলিশ কর্তা ও প্রশাসনিক আধিকারিকের নাম উল্লেখ করে তিনি একটি পোস্ট করেছিলেন। ওই পোস্টে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মহুয়া প্রশ্ন তোলেন। সেই বক্তব্য ঘিরেই চরম আপত্তি জানিয়ে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম বিভাগে এফআইআর দায়ের করা হয়।
অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আগামী শনিবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে সাইবার ক্রাইম থানায় সশরীরে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। তবে নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেবেন কি না, সে বিষয়ে সাংসদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতেও নানা মন্তব্য ও ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার আইনি বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। ইতিপূর্বে নদীয়া জেলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এবার ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

