নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে বড়সড় প্রতারণা চক্রের হদিশ পেয়েছে উস্তি থানার পুলিশ। গত ১৭ তারিখ স্বরূপনগরের সারাপুল গ্রামের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চাকরির নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে নথি ও টাকা সংগ্রহ করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, উস্তির রাজারহাট এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা শেখ, রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখ-সহ কয়েকজন অভিযুক্ত চাকরির টোপ দিয়ে পাসপোর্ট নিয়ে পরে ভুয়ো ভিসা সরবরাহ করত। তদন্তে নেমে প্রথমে গোলাম মোস্তফা শেখকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের বাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এখনও পর্যন্ত মোট ২২টি পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, এর সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে এবং এটি একটি সংগঠিত প্রতারণা চক্র। গোটা ঘটনার তদন্ত চলছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

