কলকাতা, ২৮ অগস্ট:
রেললাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী রবিবার গভীর রাতে শিয়ালদহ স্টেশনে বিশেষ ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর ফলে রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদহ শাখার বিভিন্ন রুটে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
পূর্ব রেল সূত্রের খবর, ট্রেনের নির্বিঘ্ন লাইন পরিবর্তনের জন্য ব্যবহৃত পয়েন্টের বেশ কিছু অংশে মেরামতির পাশাপাশি কিছু নতুন অংশ বসানো হবে। একই সঙ্গে পুরনো ট্র্যাক ও লাইনের সংযোগস্থলের পুরনো যন্ত্রাংশ বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণের প্রয়োজন। সাধারণ যাত্রীদের দুর্ভোগ যাতে ন্যূনতম থাকে, সেই কারণে রবিবার মধ্যরাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মোট সাত ঘণ্টা সময়কে ট্র্যাফিক ব্লকের জন্য বেছে নেওয়া হয়েছে।
এই ট্র্যাফিক ব্লকের কারণে শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-রানাঘাট শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদহ–হাবড়া শাখার আপ ও ডাউন ৩৩৬৫১, ৩৩৬৫২, ৩৩৬৫৩ ও ৩৩৬৫৪ লোকাল। একই সঙ্গে শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখার ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন, শিয়ালদহ–ডানকুনির ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন এবং শিয়ালদহ–রানাঘাট শাখার ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে।
এছাড়াও দূরপাল্লার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে লালগোলা–শিয়ালদহ ৫৩১৭২ ডাউন লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম জংশন স্টেশনেই যাত্রা শেষ করবে। পরবর্তীতে ফাঁকা রেকটি সুবিধাজনক সময়ে শিয়ালদহে নিয়ে আসা হবে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই মেরামতির কাজ সম্পন্ন হলে শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল আরও বেশি নিরাপদ ও গতিশীল হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে রেলের ইঞ্জিনিয়ারিং ও সিগন্যালিং বিভাগের যৌথ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সতর্ক ও অবগত করতে শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে নিয়মিত মাইকিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডে তথ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হচ্ছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
