পুরুলিয়া, ৩০ আগস্ট:
আদ্রা রেল স্টেশনের লিফট পরিষেবায় চরম অব্যবস্থার অভিযোগ সামনে এলো। লিফটের ভিতরে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে অবরুদ্ধ অবস্থায় কাটানোর পর অবশেষে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে আদ্রা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফটটি মাঝপথে আটকে যায়। সেই সময় লিফটের ভিতরে ছিলেন একটি শিশু-সহ বেশ কয়েকজন মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের দরজা না খোলায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল প্রশাসনের আধিকারিকেরা এবং আদ্রা আরপিএফের জওয়ানেরা। যাত্রীদের নিরাপদে লিফট থেকে বের করে আনার জন্য শুরু হয় তৎপরতা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান রেলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।
উদ্ধারকাজ চলাকালীন রেল প্রশাসন ও আদ্রা আরপিএফের পক্ষ থেকে লিফটের ভিতরে আটকে থাকা যাত্রীদের কাছে জলের বোতল ও বিস্কুট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর রেলের ইঞ্জিনিয়ার ও আরপিএফ জওয়ানের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে প্রায় তিন ঘণ্টা পর লিফটের দরজা খুলে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।
ঘটনাকে কেন্দ্র করে আদ্রা রেল স্টেশনে বেশ কিছুক্ষণ তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে যাত্রীদের সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত লিফট পরিষেবায় কেন এমন দীর্ঘস্থায়ী যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারে কেন আরও কার্যকর ব্যবস্থা নেওয়া গেল না, তা নিয়ে রেল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

