কলকাতা, ১৪ সেপ্টেম্বর:
দুর্গাপুজোর আগেই ভারতীয় জনতা পার্টিতে মিশে যেতে পারে সদ্য গঠিত ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। সরাসরি পদ্মশিবিরে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে তৈরি এই দলের সদস্যরা।এমনটাই বিস্ফোরক দাবি করেছেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য তথা জাতীয় রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।
কোচবিহারের সাংসদ দাবি করেছেন, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া কুড়ি জন সাংসদের মধ্যে অন্তত সতেরো জন সাংসদ দুর্গাপুজোর আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি সেরে ফেলেছেন। দলত্যাগবিরোধী আইনের বিষয়টি মাথায় রেখেই এই রণকৌশল নেওয়া হয়েছে। মোট কুড়ি জন সাংসদের মধ্যে দলবদলের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন, যার জন্য অন্তত চোদ্দো জন সাংসদের সম্মতি দরকার। সে ক্ষেত্রে সতেরো জন সাংসদ একসঙ্গে পা বাড়ালে দলত্যাগবিরোধী আইনের কোনও বাধা থাকবে না বলে দাবি করেছেন তিনি।
তবে দলের বাকি তিন জন সংখ্যালঘু সাংসদ সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলির বিশেষ রাজনৈতিক ও সামাজিক সমীকরণের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সরাসরি পদ্মশিবিরে যোগ না দিলেও বাইরে থেকে এনডিএ জোটকে পূর্ণ সমর্থন জানাবেন বলে জানিয়েছেন জগদীশ বসুনিয়া।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

