নয়াদিল্লি, ৫ আগস্ট:গত ৫ আর্থিক বছরে প্রিন্ট মাধ্যমে বিজ্ঞাপনের জন্য মোট ৯১০.৪ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। লোকসভায় উত্থাপিত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সরকারি পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। কংগ্রেসের এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে মন্ত্রকের পেশ করা তথ্যে জানানো হয়েছে, ২০২০-২১ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ আর্থিক বছরের মধ্যে সংবাদপত্রগুলিতে এই বিশাল অঙ্কের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এই সময়ে সরকারি বিজ্ঞাপনের বড় অংশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র গোষ্ঠী।
সরকারি পরিসংখ্যানে প্রকাশ, প্রিন্ট বিজ্ঞাপনের বাবদ বরাদ্দের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। গত পাঁচ বছরে এই একটি সংবাদপত্র গোষ্ঠীই পেয়েছে ৭৮.২২ কোটি টাকার সরকারি বিজ্ঞাপন। দ্বিতীয় স্থানে থাকা ‘দৈনিক জাগরণ’ পেয়েছে ৫৯.১৪ কোটি টাকা। এ ছাড়া ‘হিন্দুস্তান টাইমস’ পেয়েছে ৪৭.৮০ কোটি টাকা, ‘অমর উজালা’ ২৪.৯২ কোটি টাকা এবং ‘দৈনিক ভাস্কর’ ২০.৫৩ কোটি টাকা বিজ্ঞাপনী বরাদ্দ হিসেবে পেয়েছে। তথ্য প্রকাশকারী পোর্টাল নিউজলন্ড্রির প্রতিবেদনে এই পরিসংখ্যান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
পরিসংখ্যান খতিয়ে দেখলে স্পষ্ট হয় যে, নির্বাচনের ঠিক আগের সময়কালে সরকারি প্রচার ও বিজ্ঞাপনী খরচের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে প্রিন্ট বিজ্ঞাপনে সরকারি ব্যয় বেড়ে দাঁড়িয়েছিল ৩৫৩.৯৮ কোটি টাকায়। অন্যদিকে ২০২৪-২৫ আর্থিক বছরে এই খরচের পরিমাণ ছিল ৩২৩.৪১ কোটি টাকা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে এই বড় অঙ্কের লাফ দেখা গিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বিভিন্ন প্রচারমাধ্যমের মাধ্যমে সরকারি কর্মসূচির প্রচার বাড়াতেই এই অর্থ ব্যয় করা হয়েছে বলে মন্ত্রকের জবাবে ইঙ্গিত দেওয়া হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

