নয়াদিল্লি, ২৩ আগস্ট:
চিকিৎসাক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করল দেশের অন্যতম শীর্ষ কেন্দ্রীয় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সফদরজং হাসপাতাল। সেখানে সফলভাবে সম্পন্ন হল প্রথম রোবট-সহায়ক টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার। বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজং হাসপাতালের অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্সে এই অস্ত্রোপচারটি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক ৭৫ বছর বয়সী বৃদ্ধের হাঁটুতে এই আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্রোপচারটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র আওতায় এই পরিষেবা প্রদান করা হয়েছে। সফদরজং হাসপাতালের ডিরেক্টর ড. কবিতা শর্মার সহযোগিতা ও উৎসাহে এই নতুন প্রযুক্তির সূচনা হয়।
সম্পূর্ণ অস্ত্রোপচারটি পরিচালিত হয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্সের ডিরেক্টর প্রফেসর ড. সুমিত সুরালের ক্লিনিক্যাল তত্ত্বাবধানে। চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন কনসালট্যান্ট প্রফেসর ও ইউনিট হেড ড. ভগবতী প্রসাদ শর্মা। এছাড়া বিশেষজ্ঞ দলে ছিলেন ড. ধ্রুব মেনি ও ড. কার্তিক যাদব। অ্যানেস্থেশিয়া দলের নেতৃত্ব দেন ড. সুশীল গুরিয়া এবং নার্সিং সহায়তায় ছিলেন সিস্টার রেখা ও রিতিকা।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে যুক্ত হওয়া এই বিশেষ রোবোটিক প্ল্যাটফর্মটি অত্যন্ত উন্নত এবং আপগ্রেডেশন যোগ্য। এর মাধ্যমে ভবিষ্যতে টোটাল নি রিপ্লেসমেন্টের পাশাপাশি পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট এবং হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারও করা সম্ভব হবে। এছাড়া সফটওয়্যার ও প্রযুক্তি আরও আধুনিক করার পর মেরুদণ্ডের জটিল রোবোটিক স্পাইন সার্জারির সুবিধাও মিলবে, যা সরকারি পরিকাঠামোয় সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

