নয়াদিল্লি, ২২ আগস্ট:
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দলের কয়েকজন নেতার ‘নায়ক’ এবং ‘রোল মডেল’ হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও দাঙ্গাপীড়িত পরিবারের সদস্যরা। বিতর্কিত এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁরা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৯৮৪ সালের শিখ নিধন যজ্ঞে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন সাংসদ সজ্জন কুমার। তাঁর মৃত্যুর পর কংগ্রেসের একাধিক নেতার প্রশংসাসূচক বক্তব্যে ক্ষোভের সঞ্চার হয়। শনিবার বিকেলে দিল্লির ৫, সুনহরি বাগ রোডে রাহুল গান্ধীর বাসভবনের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। দিল্লির শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি হরমিত সিং কালকা এবং সাধারণ সম্পাদক জগদীপ সিং কাহলোঁর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের জেরে এলাকায় পুলিশ মোতায়েন করে কড়া ব্যারিকেড গড়ে তোলা হয়।
বিক্ষোভ চলাকালে শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির এক নেতা বলেন, সজ্জন কুমারের মৃত্যুর পর কংগ্রেসের কয়েকজন নেতা তাঁকে নিজেদের ‘নায়ক’ বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। সজ্জন কুমার কংগ্রেসের নায়ক কি না, সে বিষয়ে রাহুল গান্ধীকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডার মন্তব্যের সূত্র টেনে তিনি দাবি করেন, এই ধরণের বক্তব্য শিখ সম্প্রদায়ের আবেগে তীব্র আঘাত হেনেছে এবং বিয়াল্লিশ বছর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতে নতুন করে প্রলেপের বদলে আঘাত করা হয়েছে। তাই রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বকে এই ভুল স্বীকার করে শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে।
এর আগে কমিটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, হাজার হাজার শিখ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে কংগ্রেস পুনর্বার রোল মডেল হিসেবে উপস্থাপন করছে, যা অত্যন্ত অসংবেদনশীল। এই মন্তব্যগুলোর বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত পরিবারগুলোর ক্ষোভ তীব্র রূপ নেওয়ায় শনিবার তারা কংগ্রেস নেতার বাড়ির সামনে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

