দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, কোচবিহারে গ্রেপ্তার বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদার

দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, কোচবিহারে গ্রেপ্তার বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদার

কোচবিহার, ১৭ আগস্ট:

পণ্যবাহী গাড়ি থেকে তোলাবাজি এবং দাবি মতো টাকা না পেয়ে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে কোচবিহার জেলায় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত নেতার নাম বিশ্বজিৎ তালুকদার। তিনি বিজেপির তুফানগঞ্জ-৪ মণ্ডলের সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী আলিপুরদুয়ার জেলার এক ব্যবসায়ী বক্সিরহাট থানায় বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে জানানো হয়, ওই বিজেপি নেতা তাঁর কাছে তোলা চেয়ে চাপ দিচ্ছিলেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জের বাড়ি থেকে বিশ্বজিৎ তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত নেতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ও অসমকে সংযোগকারী জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী পণ্যবাহী গাড়ি এবং পাথরবোঝাই ডাম্পার থেকে নিয়মিত তোলা আদায়েরও অভিযোগ রয়েছে।

এই ঘটনার জেরে বিজেপি দলের অন্দরেও তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা কমল দাস অভিযোগ করে জানান, বিশ্বজিৎ মাছ, মুরগি এবং সুপারি বহনকারী গাড়ি থেকেও নিয়মিত জোরপূর্বক টাকা আদায় করতেন। তিনি স্পষ্ট জানান, দলের নাম ভাঙিয়ে যারা তোলাবাজি চালায়, তাদের মতো নেতা দলে কাম্য নয় এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু জানিয়েছেন, দলের কোনো কর্মী বা নেতা অনৈতিক কাজে জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ইতিপূর্বেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের কর্মীদের বারবার তোলাবাজির বিরুদ্ধে সতর্ক করেছেন এবং সম্প্রতি তিনি স্বীকারও করেন যে দল এখনও এই ধরনের কার্যকলাপ পুরোপুরি নির্মূল করতে পারেনি। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply