যাদবপুরে এবিভিপির মিছিল ঘিরে তুলকালাম, ব্যারিকেড ভেঙে চরম অশান্তি

যাদবপুরে এবিভিপির মিছিল ঘিরে তুলকালাম, ব্যারিকেড ভেঙে চরম অশান্তি

কলকাতা, ২০ অগাস্ট:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনার পর এবার মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। যাদবপুর থানার কাছে এবিভিপির মিছিল পৌঁছতেই তা আটকে দেয় পুলিশ। কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান এবিভিপি সমর্থকেরা।

অন্যদিকে, যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে এসএফআই-এর অবস্থানের সামনে পুলিশের ব্যারিকেডকে ঘিরে দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয়। সেখানে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান দীপ্সিতা ও দেবাঞ্জনরা। পুলিশের বাধার মুখে পড়ে এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত এইট বি বাস স্ট্যান্ডের কাছেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে এবিভিপির মিছিলকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এবিভিপির মিছিল থেকে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এমনকি বাইরে থেকে ক্যাম্পাসের ভেতরে জলের বোতল ও ডিম ছোড়ার অভিযোগও সামনে আসে এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, এর আগে গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনার সূত্রপাত ঘটে। এসএফআই-এর ডাকা জেনারেল বডির (জিবি) মিটিং ডাকার এক্তিয়ার নিয়ে এবিভিপি প্রশ্ন তোলায় দুই পক্ষের মধ্যে সংঘাত বাধে। এবিভিপির অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের সমর্থকরা তাঁদের ওপর চড়াও হয় এবং জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে। অন্যদিকে, বহিরাগত এবিভিপি সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করে এসএফআই। সেই সংঘাতের জেরেই মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর চত্বর।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply