একটানা বৃষ্টি ও নদীর জল বৃদ্ধিতে ঘাটালে বন্যা পরিস্থিতি, মনসুকায় চরম দুর্ভোগ

একটানা বৃষ্টি ও নদীর জল বৃদ্ধিতে ঘাটালে বন্যা পরিস্থিতি, মনসুকায় চরম দুর্ভোগ

ঘাটাল, ২০ অগাস্ট:

লাগাতার বৃষ্টির জেরে ফের জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল। একটানা বৃষ্টিপাত এবং সেই সঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির কারণে মনসুকার পার্বতী চক এলাকায় তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এলাকার নিচু জায়গাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু রাস্তাঘাট এবং চাষের জমি। এর ফলে চরম দুর্ভোগ ও সংকটের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালের একাংশ ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারী বৃষ্টি এবং নদীর জল বাড়ার সাথে সাথে সার্বিক পরিস্থিতি আরও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বহু এলাকায় মূল পাকা রাস্তার উপর দিয়ে প্রবল বেগে নদীর জল বইছে। ফলে সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। প্রয়োজনীয় নিত্যদিনের কাজেও ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা।

এলাকাবাসীর দাবি, বৃষ্টি হলেই ঘাটালে এমন বন্যা পরিস্থিতি তৈরি হওয়া প্রায় প্রতি বছরের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে যায়। ঘাটালের তৃণমূল সাংসদ দেব একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা বললেও তা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। সরকারি স্তরে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও সেই কাজ কবে নাগাদ সম্পূর্ণ হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট নিশ্চয়তা মেলেনি। আর এর ফলেই বছরের পর বছর ঘাটালের জলযন্ত্রণা ও বন্যা পরিস্থিতির স্থায়ী কোনো সুরাহা হচ্ছে না।

অন্যদিকে, পার্বতী চক সহ মনসুকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নদীর জল ঢুকে পড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে থাকার কারণে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষিজীবী মানুষজন। অতীতেও এই মনসুকা এলাকায় নদীর জল বৃদ্ধির কারণে একাধিকবার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। নদী বাঁধের বেহাল দশা এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব ও ভাঙাচোরা রাস্তাঘাট নিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক নজরদারি, জমে থাকা জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং নদীর জল আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি কতটা সংকটজনক আকার ধারণ করবে, তা নিয়ে গভীর আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply