কলকাতা, ২৩ আগস্ট:
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ আবারও চরমে উঠল। রাতের অন্ধকারে ভাঙড় থানার অন্তর্গত শাকসর এলাকায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ-এর একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কার্যালয়টির একাংশ পুড়ে গিয়েছে। এর আগেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আইএসএফের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শাকসর এলাকার ওই পার্টি অফিসে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। খবর পেতেই রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন আইএসএফের কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদে ভাঙড়ের বিভিন্ন রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন তাঁরা। দফায় দফায় পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল এবং তীব্র ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। আইএসএফ নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি অভিযোগের তির তোলা হয়েছে এলাকার রাজনৈতিক প্রতিপক্ষদের দিকে। এমনকি আজ সংশ্লিষ্ট এলাকায় বিরোধীদের একটি দলীয় কর্মসূচির ঠিক আগেই এই ঘটনা ঘটায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেন। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বিভিন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় স্তরে বিরোধীদের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। ভাঙড় থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে কারা এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে তা তদন্ত করে দেখছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
