শিলিগুড়ি, ১৭ আগস্ট:
শিলিগুড়ি মহকুমা আদালতের দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার সমাধান হতে চলেছে। আদালত চত্বরে দ্রুত নতুন ও আধুনিক বহুতল আদালত ভবন নির্মাণের আশ্বাস দিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। পাশাপাশি আদালত চত্বরে তৈরি হবে মাল্টি-লেভেল পার্কিংয়ের সুবিধাও। সম্প্রতি পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি আদালত চত্বর পরিদর্শন করেন আইন প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময়েই আইনজীবীদের দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন তিনি।
আদালত চত্বরে পৌঁছাতেই আইনজীবীরা মন্ত্রীদের সামনে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। বর্তমান আদালত ভবনটি অত্যন্ত পুরনো ও জীর্ণদশায় পরিণত হয়েছে। ফলে আইনজীবী, বিচারপ্রার্থী এবং আদালতের কর্মীদের প্রবল অসুবিধার মধ্যে কাজ চালাতে হয়। স্থান সঙ্কুলানের পাশাপাশি আইনজীবী এবং আদালতে আসা মানুষের গাড়ি পার্কিংয়ের সমস্যাও চরম আকার ধারণ করেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন আদালত ভবন ও মাল্টি-লেভেল পার্কিং তৈরির দাবি জোরালোভাবে জানানো হয়।
আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস আইনজীবীদের আশ্বস্ত করে জানান, উত্তরবঙ্গের প্রশাসনিক ও বিচারবিভাগীয় পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যে সমস্ত প্রশাসনিক জটিলতার কারণে নতুন ভবনের নির্মাণকাজ আটকে ছিল, তা দ্রুত সমাধান করা হবে। শুধুমাত্র আইনজীবী বা কর্মচারীদের জন্যই নয়, আদালতে আসা সাধারণ বিচারপ্রার্থীদের স্বার্থ ও সুবিধার কথা বিবেচনা করেই আধুনিক নকশায় এই ভবনটি নির্মাণ করা হবে।
পরিদর্শনকালে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন ও বিচার ব্যবস্থার আধুনিকায়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে সেন্ট্রাল ল ইউনিভার্সিটি স্থাপন, শিলিগুড়ি মহকুমা আদালতের নতুন ভবন নির্মাণ, জিএসটি ট্রাইব্যুনাল গঠন এবং এমএসএমই সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দ্রুত পদক্ষেপ গ্রহণের মতো বিষয়গুলি রয়েছে। সরকারের এই তৎপরতায় দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিষয়ে আশার আলো দেখছেন শিলিগুড়ির আইনজীবী মহল।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

