কলকাতা, ২২ অগস্ট:
পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দুরাই বসবাস করবে এবং কেবল তারাই সমস্ত নাগরিক অধিকার ভোগ করবে— এমন বিতর্কিত দাবি তুলে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মঞ্চে প্রচার চালানোর অভিযোগ উঠেছে অভিজিৎ দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ফ্যাক্ট-চেকিং সংস্থা অল্ট নিউজের এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে ‘হিন্দু বঙ্গ’ নামক এই বিভাজনমূলক প্রচার এবং তার পেছনের বিভিন্ন বিতর্কিত গতিবিধির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘হিন্দু বঙ্গ’ গঠনের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এই প্রচার কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজিৎ দাস। তাঁর বিভিন্ন বক্তব্যে দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গে অন্য কোনো সম্প্রদায়ের নাগরিক অধিকার থাকবে না এবং রাজ্যটিকে কেবল হিন্দুদের বাসস্থান হিসেবে গড়ে তুলতে হবে। এই ধরনের সাম্প্রদায়িক ও বিভেদমূলক বক্তব্যকে কেন্দ্র করে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
অল্ট নিউজের অনুসন্ধানে দেখা যায়, এই ধরনের প্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে একটি বিশেষ মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ধর্মীয় মেরুকরণ তৈরি করতে এবং বিশেষ কিছু রাজনৈতিক ও সামাজিক আখ্যান প্রতিষ্ঠা করতেই ‘হিন্দু বঙ্গ’-এর মতো প্রচার চালানো হচ্ছে। সাংবাদিক প্রান্তিক আলীর অনুসন্ধানী প্রতিবেদনে এই প্রচারের পেছনের উদ্দেশ্য, ব্যবহৃত কৌশল এবং এর সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

