জয়নগর: আসন্ন ২০২৬ বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়াল। শুক্রবার সকালে শহর, স্টেশন চত্বর, বাজার ও একাধিক ব্যস্ত এলাকায় হঠাৎই দেখা যায় পোস্টার— যেখানে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা, “বিধায়কের পরিবর্তন চাই”। পোস্টারের নীচে ‘সৌজন্যে তৃণমূল কর্মীরা’ উল্লেখ থাকায় শাসকদলের অন্দরে ভাঙনের জল্পনাও জোরদার হয়েছে।
ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা দাবি তুলেছে, এটি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি নেতা উৎপল নস্করের অভিযোগ, মানুষের ক্ষোভ থেকেই এই পোস্টার পড়েছে এবং পঞ্চায়েতে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগও তোলেন তিনি। সিপিএম নেতৃত্বও বলছে, পোস্টারের ভাষা থেকেই স্পষ্ট দলের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে। যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর দাবি, উন্নয়নমূলক কাজ আটকাতেই পরিকল্পিত অপপ্রচার চলছে।
তৃণমূলের জেলা পরিষদ সদস্য খান জিয়ারুল হকের বক্তব্য, বিরোধীরাই দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। কে বা কারা পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে ঘিরে জয়নগরের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, যদিও প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
