আরামবাগ, ৫ সেপ্টেম্বর:
গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড চত্বরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। শনিবার বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর থেকে মোট ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। মাদক পাচারের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম ও পল্টু দাস। ধৃত রফিকুলের বাড়ি আরামবাগের মায়াপুরে এবং পল্টু বর্ধমানের বাসিন্দা। হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং জানিয়েছেন, আরামবাগ বিডিও-র উপস্থিতিতে নিয়ম মেনে ওই ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-বর্ধমান রুটের একটি দূরপাল্লার বাসে করে ওই গাঁজাগুলি প্যাকেটে মুড়ে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশ আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে সতর্ক অবস্থান নেয়। বাস পৌঁছতেই ওই দুই অভিযুক্তকে চিহ্নিত করে আটক করা হয় এবং তাদের কাছে থাকা সামগ্রীতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কারও চোখে ধুলো দিতে এবং সন্দেহ এড়াতেই যাত্রীবাহী বাসে করে সাধারণ যাত্রীদের আড়ালে এই মাদক নিয়ে আসা হচ্ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় শেষ রক্ষা হয়নি। তবে উদ্ধার হওয়া এই গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

