রাজ্যের সকল প্রশাসনিক কাজে বাংলা বাধ্যতামূলক, নবান্নের বিজ্ঞপ্তি জারি

রাজ্যের সকল প্রশাসনিক কাজে বাংলা বাধ্যতামূলক, নবান্নের বিজ্ঞপ্তি জারি

কলকাতা, ৫ সেপ্টেম্বর:

রাজ্যে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দিল রাজ্য প্রশাসন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। একই সঙ্গে সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রক্ষা এবং এই সিদ্ধান্তের সামগ্রিক বাস্তবায়ন ও তদারকির উদ্দেশ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবালের নেতৃত্বে সেই কমিটি কাজ করবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে সময় তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেন। এর পরবর্তী সময়ে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন ভাষানীতি প্রণয়নের কথা ঘোষণা করেন এবং জানান যে ১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে।

সেই ঘোষণার সূত্র ধরেই গত ৩১ অগস্ট রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে, যা শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলা ভাষার বাধ্যতামূলক প্রয়োগ কার্যকর করার কথা জানানো হয়েছে।

যে সমস্ত সরকারি কার্যালয় সরাসরি সাধারণ নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত, তাদেরকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যথাসম্ভব বাংলা ভাষা ব্যবহারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সরকারি দফতরগুলিতে বাংলা ভাষার প্রয়োগ ঠিক কতটা কার্যকর হচ্ছে, পরিকাঠামোগত কোনও খামতি রয়েছে কি না এবং বাংলা ভাষায় দক্ষ কর্মী বা আধিকারিকের সংখ্যা কেমন, তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত সমীক্ষা চালানো হবে। তিন মাসের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে অতিরিক্ত আর্থিক বরাদ্দের প্রয়োজন রয়েছে কি না, তা-ও ওই সমীক্ষায় স্পষ্ট করতে বলা হয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply