বাংলাকাল ওয়েব ডেস্ক: জুলাই হত্যাকাণ্ড
মামলায় মৃত্যুদণ্ডের রায় মুজিব কন্যার। সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সেই রায়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় নেটাগরিকদের। সংশ্লিষ্ট রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী , শহীদ ও আহতদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের উল্লাসপূর্ণ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বিভিন্ন মিম, হিউমার ও স্যাটায়ার পোস্টের মাধ্যমে মানুষ টুইটার ও ফেসবুকে #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট, #হ্যাংহাসিনা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করছেন। একদিকে নেটিজেনরা রায়ে আনন্দ প্রকাশ করছেন, আর বিগত দিনের ফ্যাসিবাদের নির্মমতার কথাও স্মরণ করছেন।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্মুহু স্ট্যাটাস, কমেন্টস, মিম, পোস্টের ছয়লাপ। উক্ত দেশটির বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ থেকে শুরু করে দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে উদযাপনের নানা দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। অনেক নেটিজেন এই রায়কে ‘ন্যায়ের পুনঃস্থাপনের প্রতীক’ হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের পর এই রায় সাধারণ মানুষের মনে ন্যায়বিচারের প্রতি নতুন আস্থা তৈরি করেছে।
আরাফাত ইসলাম নামের এক ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘দড়ি লাগলে দড়ি নে, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দে।’
অন্য এক নেটাগরিক লেখেন, শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায়বিচার। মৃত্যুদণ্ডই ছিল রক্তপিপাসু ও দেশদ্রোহী খুনি হাসিনার একমাত্র ন্যায্য পাওনা। এই রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।’
কিছু ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে (টুইটার) ‘হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে’ পোস্ট শেয়ার করেছেন।
এছাড়াও রেড জুলাই’ নামক ফেসবুক পেজে জুলাই আন্দোলনের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদের মায়ের ৪ আগস্টের এক ভিডিও পোস্ট করা হয়। যাতে জ্বলজ্বল করছে কয়েকটি বাক্য। ‘মায়ের এই কান্না কখনোই বৃথা যাবে না।’
পরবর্তীতে পেজে আরও একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়, ‘হে আল্লাহ, হাসিনার ফাঁসির রায় শুনিয়েছ, শুকরিয়া তোমার। তবে জাজমেন্ট দিনে তোমার ইনসাফ পাওনা রইল। হাসিনা বাহিনীর পাপ এর চেয়ে অনেক অনেক ভারী।’
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
