রাম মন্দির অনুদানের টাকা চুরি বিতর্ক: চম্পত রাই ও অনিল মিশ্রের পদত্যাগ নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে রাম মন্দির ট্রাস্ট

রাম মন্দির অনুদানের টাকা চুরি বিতর্ক: চম্পত রাই ও অনিল মিশ্রের পদত্যাগ নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে রাম মন্দির ট্রাস্ট

অযোধ্যা,৬ জুলাই ২০২৬: অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ভক্তদের দেওয়া অনুদানের টাকা চুরি ও আত্মসাতের ঘটনায় তোলপাড় দেশ। এই চরম বিতর্কের মাঝেই আজ, সোমবার অযোধ্যায় ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর একটি হাই-ভোল্টেজ ও জরুরি বৈঠক ডাকা হয়েছে। ট্রাস্টের অন্দরের খবর, এই বৈঠকেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং অন্যতম ট্রাস্টি অনিল কুমার মিশ্রের পদত্যাগপত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিপুল অঙ্কের এই আর্থিক কেলেঙ্কারির জেরে ট্রাস্টের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।

আজ বিকেল ৩টে থেকে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সের ভেতরে অবস্থিত যাত্রী সুবিধা কেন্দ্রে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাস্টের সদস্যরা সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।

বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন জগদ্গুরু শংকরাচার্য স্বামী বাসুদেবানন্দ সরস্বতী, যুগপুরুষ স্বামী পরমানন্দ এবং কৃষ্ণমোহনের মতো প্রবীণ ট্রাস্টিরা। এছাড়া কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি, নৃপেন্দ্র মিশ্র এবং স্বামী বিশ্বপ্রপন্নতীর্থও এই আলোচনায় উপস্থিত থাকবেন। বর্ষীয়ান আইনজীবী কে পরাশরণ সহ কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হবেন।

প্রশাসনের তরফে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অযোধ্যার জেলা শাসক শশাঙ্ক ত্রিপাঠী এবং অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ সশরীরে উপস্থিত থাকছেন। অন্যদিকে, কেন্দ্র সরকারের প্রতিনিধি প্রশান্ত লোকবানি ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন।

সূত্রের খবর, চম্পত রাই এবং অনিল কুমার মিশ্রের পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি ট্রাস্টের অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার এবং নতুন কর্মকর্তা (office-bearers) নিয়োগের বিষয়েও আজ জোর আলোচনা হবে। অনুদান চুরির ঘটনায় ট্রাস্টের নিজস্ব অডিট ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে। ফলে, ভবিষ্যৎ পরিচালনা ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে আজকের এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাম মন্দিরের অনুদান চুরির এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রথমবার গত জুনের প্রথম সপ্তাহে ট্রাস্টের নজরে আসে এবং ২৭ জুন তা প্রকাশ্যে আসে। ট্রাস্টের লিখিত অনুরোধের পর গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে।

এসআইটি (SIT) সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর রাম মন্দিরের ক্যাশ কাউন্টিং (টাকা গণনাকারী) টিমের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন অনুকূল মিশ্র, লবকুশ মিশ্র এবং রাম শঙ্কর যাদব। পুলিশ ধৃতদের কাছ থেকে মোট ৭৯,৮৫,৪৯৩ টাকা উদ্ধার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, চুরির এই টাকা গোবরের ঢিবি, খড়ের গাদা এবং বাথরুমের মতো বিভিন্ন গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য: এসআইটি-র দাবি, ধৃত অনুকূল এবং লবকুশ সম্পর্কে খুড়তুতো ভাই এবং তারা ট্রাস্টি অনিল মিশ্রের অত্যন্ত ঘনিষ্ঠ। অন্যদিকে, ধৃত রাম শঙ্কর যাদবকে সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের খাস সহযোগী বলে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের সাথে ট্রাস্টের শীর্ষ কর্তাদের এই সরাসরি যোগসূত্র সামনে আসার পরেই গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন চম্পত রাই ও অনিল মিশ্র। আজ ট্রাস্টের সিলমোহরের পরেই স্পষ্ট হবে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ভবিষ্যৎ রূপরেখা।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply