নয়াদিল্লি, ১ আগস্ট:ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র পদ থেকে সরে দাঁড়ানো এবং সক্রিয় রাজনীতি ছাড়ার জল্পনার মাঝেই এক বিতর্কিত ও ব্যঙ্গাত্মক ভিডিও বার্তা প্রকাশ করেছেন শেহজাদ পুনাওয়ালা। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বায়ো থেকে বিজেপির পদ সরিয়ে নেওয়ার একদিন পর প্রকাশিত এই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, গত ১২ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী একজন ‘প্রকৃত স্বৈরাচারী বা একনায়ক’ হতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
ভিডিও বার্তায় শেহজাদ পুনাওয়ালা জানান যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর সম্পূর্ণ হতাশ। তিনি বলেন, টানা ১২ বছর ক্ষমতায় থাকার পরও প্রধানমন্ত্রী কীভাবে স্বৈরাচারী হতে হয় তা শিখতে পারেননি। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তাঁর প্রয়াত মায়ের উদ্দেশ্যে কটু কথা বলা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে মোদী ক্ষমা করার যে আবেদন জানিয়েছেন, সেটিকে কেন্দ্র করেই পুনাওয়ালার এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। তিনি বলেন, একজন তথাকথিত স্বৈরাচারীর মতো কঠোর পদক্ষেপ না নিয়ে প্রধানমন্ত্রী উল্টে সমাজ ও পুলিশকে অনুরোধ করছেন ওই তরুণদের ক্ষমা করে দিতে।
বিরোধী দল এবং বিশেষ করে কংগ্রেস নেতৃত্বকে লক্ষ্য করে তোপ দেগেছেন এই প্রাক্তন বিজেপি নেতা। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রীর উচিত কংগ্রেসের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। পন্ডিত জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, কীভাবে বাকস্বাধীনতা খর্ব করা হয়েছিল, জরুরি অবস্থা জারি করে বিরোধী নেতাদের জেলে পাঠানো হয়েছিল এবং বিভিন্ন আন্দোলন দমন করা হয়েছিল তা থেকে শেখা উচিত। বাম-লিবারেলদের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য তিনি রসিকতা করে প্রধানমন্ত্রীকে ‘ব্যর্থ’ বলে অভিহিত করেন।
সম্প্রতি দিল্লিতে ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী মোদী এক ভিডিও বার্তায় আন্দোলনকারী তরুণদের ক্ষমার বার্তা দেন। সেই ঘটনাকে উল্লেখ করে পুনাওয়ালা দাবি করেন যে, বিরোধী শাসিত কেরালা বা কর্ণাটকে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে যেখানে এফআইআর ও গ্রেফতার করা হচ্ছে, সেখানে মোদী সরকার দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের ওপর থেকে মামলা তুলে নিচ্ছেন। তাঁর এই ব্যঙ্গাত্মক মন্তব্যে বিরোধী শিবিরের সেই অভিযোগকেই মূলত নিশানা করা হয়েছে যেখানে মোদী সরকারকে বারবার স্বৈরাচারী বলে অভিহিত করা হয়।
বাংলাকাল-কে ফলো করুন
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

