রেজিনগরে উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে বিজেপিকেই মূল প্রতিদ্বন্দ্বী বললেন হুমায়ুনপুত্র

রেজিনগরে উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে বিজেপিকেই মূল প্রতিদ্বন্দ্বী বললেন হুমায়ুনপুত্র

বহরমপুর, ৯ সেপ্টেম্বর:

রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। বুধবার মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনী লড়াইয়ে তাঁর একমাত্র ও প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি। অন্য কোনও রাজনৈতিক দল লড়াইয়ে থাকবে বলে তিনি মনে করেন না।

রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর— এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ সম্প্রতি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর দুই আসনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা হবে ৯ অক্টোবর। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী ৯ সেপ্টেম্বর বুধবার থেকেই মনোনয়ন পেশের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়েছে। আর প্রথম দিনেই বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন গোলাম নবি আজাদ।

মনোনয়নপত্র জমা দিয়ে নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে দাবি করেন হুমায়ুনপুত্র। তিনি জানান, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর বাবা রেজিনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে এই এলাকায় ধারাবাহিকভাবে মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। সাধারণ মানুষ অতীতেও তাঁদের সঙ্গে ছিলেন এবং এই উপনির্বাচনেও তাঁদের পাশে থাকবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে গোলাম নবি আজাদ স্পষ্ট জানান, তাঁদের প্রচারে কোনও ধরনের সেলিব্রিটি বা তারকা প্রচারক থাকবেন না। সম্পূর্ণ স্থানীয় নেতৃত্ব, অঞ্চল ও বুথ স্তরের কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। মাঠের লড়াইয়ে বিজেপির সঙ্গেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, অতীতেও যেমন বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী ছিল, এখনও তারাই থাকবে।

উল্লেখ্য, উপনির্বাচনের ঠিক আগেই বিজেপিকে ঠেকাতে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার খোলাখুলি আহ্বান জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে তিনি মন্তব্য করেছিলেন যে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং আম জনতা উন্নয়ন পার্টি মিলিয়ে বিরোধীরা মোট ৮৬টি আসনে জয় পেয়েছে।

হুমায়ুন কবীর বার্তা দিয়েছিলেন, বিরোধী শিবিরের এই ৮৬ জন বিধায়ক যদি নিজেদের ব্যক্তিগত অহংকার ও দলীয় দূরত্ব ভুলে এককাট্টা হয়ে ময়দানে নামেন, তবেই বিজেপিকে কার্যকরভাবে রোখা সম্ভব হবে। উপনির্বাচনের প্রাক্কালে তাঁর এই ধরনের আবেদন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোরদার চর্চা। নিজের শক্ত ঘাঁটি রেজিনগরে হুমায়ুন কবীর কি পরাজয়ের আশঙ্কা করছেন, রাজনৈতিক মহলে এমন প্রশ্নও ওঠে। সেই রাজনৈতিক আবহেই বুধবার মনোনয়ন জমা দিয়ে ময়দানে বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ ঘোষণা করলেন তাঁর পুত্র।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply